Published : 19 Feb 2026, 05:05 AM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের দূতাবাস বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানায়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকায় চীনা দূতাবাস পৃথকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। জানা যায়, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পূর্বে চীনের রাষ্ট্রদূত অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম শুভেচ্ছা বার্তা পাঠান। ঢাকায় চীনা দূতাবাস সেই বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে পত্র প্রেরণ করেছেন। এছাড়াও, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছেন।
১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।।
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধানের হাতে ন্যস্ত করল বিএনপি